ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ। চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার অন্তর্গত এ প্রাচীন বিদ্যালয়টি যাত্রা শুরু করে ভাষা আন্দোলনের সময়কাল ১৯৫২ সালে। এলাকার কিছু শিক্ষানুরাগী বাঙালী ছাত্রদের জন্য একটি আলাদা বিদ্যালয়ের তাগিদ অনুভব থেকেই এ বিদ্যালয়ের পথ চলাশুরু হয়। প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক এবং ১৯৬৮ সালে এস. এস. সি পরীক্ষায় অংশ গ্রহনের মাধ্যমে মাধ্যমিক শাখার যাত্রা শুরু হয়। বর্তমানে আড়াই হাজার শিক্ষার্থীর পদচারনায় মুখর অত্র বিদ্যালয়ে সুযোগ্য পরিচালনা পরিষদের নেতৃত্বে একঝাক দক্ষ, প্রশিক্ষিত ও উদ্যমী শিক্ষকবৃন্দ পাঠদানে নিয়োজিত। প্রতিবছর এস. এস. সি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী এ প্লাস প্রাপ্ত হয় এবং গড় পাশের হার পঁচাশি শতাংশের বেশী।
শিক্ষা বান্ধব বর্তমান সরকারের শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় অত্র প্রতিষ্ঠানে একটি সুরম্য ছয়তলা বিল্ডিং তৈরী করেছে। ভবিষ্যত প্রজন্মকে ডিজিটালাইজড করার অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে যার একটি অত্র বিদ্যালয়ে স্থাপিত হয়েছে। অত্র বিল্ডিং এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার পেছনে চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সাবেক সাংসদ জনাব ডা: আফসারুল আমিন (এম. পি) মহোদয়ের অবদান অনস্বীকার্য।